ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ৩৬১ কোটি টাকার ভূমি প্রকল্প, ভূমি খতিয়ান ডিজিটাইজেশন, হোল্ডিং তথ্য ডিজিটাইজেশন, ভূমি মন্ত্রণালয়, ইউএনডিপি বাংলাদেশ, ডিজিটাল ভূমিসেবা, ভূমি ডেটাবেজ তৈরির উদ্যোগ
ডিজিটাল ভূমি সেবা।
  •  কাগজের খতিয়ান থেকে ক্লাউডে : ৩৬১ কোটি টাকার ডিজিটাল ভূমি উদ্যোগ
  •  দালালমুক্ত ভূমিসেবার পথে : খতিয়ান-হোল্ডিং ডিজিটাইজেশনের মহাযজ্ঞ

আপনি কি কখনো একটি খতিয়ান তোলার জন্য দিনের পর দিন ভূমি অফিসে ঘুরেছেন? দালালের পেছনে টাকা খরচ করেছেন, তবুও সঠিক তথ্য পাননি? এ চেনা ভোগান্তির অবসান ঘটাতে ভূমি মন্ত্রণালয় এবার হাতে নিয়েছে দেশের ইতিহাসের অন্যতম বড় ভূমি ডেটা ডিজিটাইজেশন কার্যক্রম।  যেখানে আট কোটির বেশি খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য যাবে একটি নির্ভুল ডিজিটাল ডেটাবেজে।

Advertisement

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল, জনবান্ধব ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে বাস্তবায়নাধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (২য় সংশোধিত)’ প্রকল্পের কাজ আরো এক ধাপ এগিয়ে গেছে। এ প্রকল্পের আওতায় দেশের অবশিষ্ট ৫০টি নতুন জেলাসহ বিভিন্ন এলাকার প্রায় সাড়ে আট কোটি খতিয়ান ও হোল্ডিংয়ের ডেটা এন্ট্রি, যাচাই এবং সংশোধনের জন্য ৩৬১ কোটি ৯৬ লাখ টাকার একটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের মাধ্যমে একক উৎস নির্বাচন (সিঙ্গেল সোর্স সিলিকশন-এসএসএস) পদ্ধতিতে এ কাজ সম্পূর্ণ করা হবে।

প্রকল্প এক নজরে
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনার জন্য ইন্টারঅপারেবল ভূমি উপাত্তভাণ্ডার (ডেটাবেইস) গড়ে তোলা। এর মাধ্যমে দেশব্যাপী ভূমিসংক্রান্ত সব তথ্য একটি সুসংহত কাঠামোর অধীনে সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে, যা ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা/সার্কেল ভূমি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরিচালিত হবে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পটি ২০২০ সালের ১৪ জুলাই একনেকে অনুমোদিত হয়। এর মেয়াদ বাড়িয়ে এখন ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে, আর ২য় সংশোধিত ডিপিপি অনুযায়ী ব্যয় ধরা হয়েছে প্রায় ১,১৫৩.৫১ কোটি টাকা। প্রকল্পটি  পুরোপুরি জিওবি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

ইতোমধ্যে ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় পাইলটিং কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। ঢাকা ও মানিকগঞ্জের দু’টি মৌজায় প্রি-পাইলট, আট বিভাগের আট জেলার ৩৪ উপজেলায় পাইলট এবং পরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের অংশবিশেষে সম্প্রসারণ করে এ পর্যন্ত এক কোটি ৩৩ লাখের বেশি তথ্য ডিজিটাইজ ও যাচাই করা হয়েছে।

নতুন প্যাকেজে যা হবে
সূত্র জানায়, বাকি ৫০টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) এবং আগের পর্যায়ের অসমাপ্ত অংশে মোট আট কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৯৫১টি তথ্য এন্ট্রি, যাচাই ও সংশোধন করা হবে। এর মধ্যে খতিয়ান প্রায় ৪.২৯ কোটি এবং হোল্ডিং প্রায় ৪.২৪ কোটি। কাজটি করবে জাতিসঙ্ঘের সংস্থা ইউএনডিপি বাংলাদেশ। ভ্যাটসহ চুক্তিমূল্য প্রস্তাব করা হয়েছে ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা, যা দাফতরিক প্রাক্কলনের সমান।

প্রকল্প বাস্তবায়নে যেসব সুবিধা পাওয়া যাবে
ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে, এই প্রকল্প পুরো বাস্তবায়িত দেশের জনগণ বেশ কয়েকটি সুবিধা ভোগ করবে। তিনি বলেন, গ্রামের এক কৃষক জমির কাগজ হাতে নিয়ে ইউনিয়ন ভূমি অফিসের বারান্দায় অপেক্ষা করছেন। নামজারি, খতিয়ান, হোল্ডিং, প্রতিটি ধাপে ভুল আর বিলম্ব। এই দৃশ্য বদলের প্রতিশ্রুতি নিয়েই এগোচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তর প্রকল্প, যার পরবর্তী ধাপে সারা দেশের ভূমির তথ্য আসছে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।

এই প্রকল্পের সুবিধা
জনগণের দোরগোড়ায় ভূমিসেবা- সব খতিয়ান ও হোল্ডিং ডিজিটাল হলে ষধহফ.মড়া.নফ-’র মাধ্যমে নাগরিক ঘরে বসেই ভূমিসংক্রান্ত তথ্য ও সেবা পাবেন। ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সবাই একই ডেটাবেজে কাজ করবেন, ফলে সেবা হবে দ্রুত ও সমন্বিত।

নির্ভুল ও একক তথ্যভাণ্ডার- সারা দেশের ভূমির তথ্য একটি সুসংহত কাঠামোয় সংরক্ষিত হলে তথ্যের ভিন্নতা ও অসামঞ্জস্য কমবে। শতভাগ নির্ভুল এন্ট্রি নিশ্চিত করতে দ্বিস্তরীয় যাচাই-প্রক্রিয়া রাখা হয়েছে।

স্বচ্ছতা ও হয়রানি হ্রাস- তথ্য অনলাইনে সহজলভ্য হলে মধ্যস্বত্বভোগী ও দালালদের ওপর নির্ভরতা কমবে। ভুক্তভোগী নাগরিকের সময়, অর্থ ও ভোগান্তি কমার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির সুযোগও সঙ্কুুচিত হবে।

ভূমিবিরোধ ও মামলা কমার সম্ভাবনা- নির্ভুল ও সহজে যাচাইযোগ্য রেকর্ড থাকলে মালিকানাসংক্রান্ত জটিলতা ও দ্বৈত দাবির ঝুঁঁকি কমে। দেওয়ানি মামলার একটি বড় অংশের উৎস ভূমি বিরোধ, তাই এর দীর্ঘমেয়াদি সামাজিক ও বিচারিক সুফল উল্লেখযোগ্য হতে পারে।

ভূমি প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি- সারাদেশের ভূমি অফিসের কাজ একই ডিজিটাল প্ল্যাটফর্মে আসায় তদারকি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ হবে তথ্যভিত্তিক। কাগজপত্র সংরক্ষণের ঝুঁঁকি, যেমন হারানো, পুড়ে যাওয়া বা নষ্ট হওয়া, অনেকটাই দূর হবে।

আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ- কাজটি জাতিসঙ্ঘের সংস্থা ইউএনডিপির মাধ্যমে হওয়ায় পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত হবে। পাইলট কাজের মান ভূমি মন্ত্রণালয়ের গঠিত কমিটি যাচাই করে সন্তোষ প্রকাশ করেছে। ভবিষ্যতে কোনো ভুল পাওয়া গেলে ইউএনডিপি তা সংশোধনের উদ্যোগ নেবে, যা একটি গুরুত্বপূর্ণ মানসুরক্ষা।

আর্থিক শৃঙ্খলা ও সাশ্রয়ী মূল্য- মন্ত্রণালয়ের নির্ধারিত হার (প্রতিটি খতিয়ানের জন্য ৩৫ টাকা ও প্রতিটি হোল্ডিংয়ের জন্য ৫০ টাকা) অনুযায়ী ব্যয় নির্ধারিত হয়েছে। প্রস্তাবিত মূল্য দাফতরিক প্রাক্কলনের মধ্যে থেকে ডিপিপির ৪৮২.৭৪ কোটি টাকার বরাদ্দের ভেতরে রয়েছে।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, আট কোটির বেশি তথ্য ডিজিটাইজ করার এই উদ্যোগ শুধু একটি ক্রয় প্রস্তাব নয়; এটি স্বচ্ছ, দ্রুত ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনার ভিত্তি। প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে ভূমিসেবা আর ভোগান্তির নাম থাকবে না, বরং ‘সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার পথে একটি দৃশ্যমান মাইলফলক হয়ে উঠবে। তবে এর সুফল পুরোপুরি পেতে নির্ধারিত সময়ে মানসম্মত কাজ সম্পন্ন করা এবং নিয়মিত তদারকি বজায় রাখা জরুরি।