
রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশি অভিযানে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর তার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে।
এই প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, `সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে।'
পুলিশ জানায়, সাবেক মন্ত্রী নাহিদ আত্মগোপনে থেকে নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। এছাড়াও তিনি গত ৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসএমএস এবং ফোন করার তথ্য প্রমাণ রয়েছে।
রাজনৈতিক পটভূমি ও পরিচিতি
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় ৭ম, ৯ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর ঠিক পরদিন অর্থাৎ ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে নুরুল ইসলাম নাহিদ তার সংসদ সদস্য পদ হারান।
দুদকের নজরদারি ও অবৈধ সম্পদের অভিযোগ
এর আগে গত ১২ অক্টোবর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চেয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রাথমিক অনুসন্ধানের তথ্যানুযায়ী, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ এবং তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য মিলেছে। তাদের নামে ও বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সঠিক পরিমাণ নির্ধারণ করতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








