স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সংগৃহীত

রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে তাদের নাগরিক অধিকার ও মর্যাদা সুরক্ষিত রেখে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ ভূমিতে ফিরিয়ে দেয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সঙ্কটের অবসান ঘটাতে হবে।’

বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সালাহউদ্দিন আহমদ সঙ্কট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিনিধিদল রোহিঙ্গা সঙ্কটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

ব্রিটিশ এমপি ইমরান হুসাইনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো ছিলেন হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ ও অরফানস ইন নিডের ফান্ডরেইজিং বিভাগের প্রধান আলতাফ হুসাইন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। ইউএনবি