প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতিসঙ্ঘ, কপ-৩১
জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন। তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে এসে পৌঁছান।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে, গতকাল তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সাথে রয়েছেন স্ত্রী ডা: জুবাইদা রহমান।

আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান (কপ-৩১) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।

এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর সাথে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে।

প্রতিনিধিদলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ(সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস