জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে সরকার।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে এ বিষয়টি অবহিত করেন।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) জানায়, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেফতার হয়েছেন। একইসাথে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট আইনের আওতায় ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়।

তিনি বলেন, নির্ধারিত সময়ের অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে ১৬ জুন বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। একই তারিখে তথ্য ও সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট এনসিবির কাছেও অনুরোধটি পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির জামিন পাওয়া প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে প্রত্যর্পণ সম্পন্ন করতে বিচারিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোর কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক সহযোগিতার কাঠামোর আওতায় এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ সময়মতো প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে এবং স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সরকার এ বিষয়ে কাজ করছে। যাচাই বিহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারার অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদকে অবহিত করার নির্দেশনা দেন স্পিকার। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে বিষয়টি অবহিত করেন। বাসস