নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, শিক্ষার্থী অসুস্থ, আইসিইউ, জাতীয় বার্ন ইনস্টিটিউট, শ্বাসকষ্ট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী সরাসরি আগুনে দগ্ধ হননি।

Advertisement

মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই মাদরাসায় আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন বা বার্ন ইনজুরি পাওয়া যায়নি। বিষাক্ত ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৬৩ জনকে ভর্তি করে জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৬ জনকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা মূল্যায়ন শেষে বহির্বিভাগের (আউটডোর) মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

আক্রান্ত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘ভর্তি রোগীদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। এই চারজনের মধ্যে আবার একজনের শ্বাস-প্রশ্বাসের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় লাইফ সাপোর্টে (মেকানিক্যাল ভেন্টিলেটর) রাখা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি চিকিৎসাসেবা প্রদান করছেন। চিকিৎসার কোনো ত্রুটি রাখা হচ্ছে না এবং তারা সব শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছেন।’