সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত একটি চিঠির তথ্য সংসদ সদস্যদের পড়ে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্পিকার জানান, ‘গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রাপ্ত পত্রে উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলামকে গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।’

চিঠিতে আরো উল্লেখ করা হয়, গ্রেফতারের পর তাকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দী রয়েছেন।

স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত চিঠির সংশ্লিষ্ট অংশ সংসদে পাঠ করে শোনানো হলো। বাসস