দুদক, দুর্নীতি
দুদক। ইন্টারনেট

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সরকারি অর্থ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রায় ২৪ কোটি ৭১ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগে সংস্থাটির দুই সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

আজ সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের অনুসন্ধানে প্রথম ঘটনায় এক কোটি এক লাখ ৪১ হাজার ১২০ টাকা এবং দ্বিতীয় ঘটনায় ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১৯ টাকা ক্ষতিসাধনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

প্রথম মামলায় পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক সহকারী পরিচালক মো: আক্তার হোসেনকে আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং বর্তমানে পিডিবিএফের উপ-পরিচালক রুবী খানমকে আসামি করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, পিডিবিএফের বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজেরা লাভবান হওয়া বা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগ করা হয়। এতে প্রথম ঘটনায় এক কোটি এক লাখ ৪১ হাজার ১২০ টাকা এবং দ্বিতীয় ঘটনায় ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১৯ টাকার আর্থিক ক্ষতি হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করেছে কমিশন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তারকে দলনেতা এবং উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমানকে সদস্য করে গঠিত অনুসন্ধান দল অভিযোগ দুটি অনুসন্ধান করে।

সূত্র : বাসস