
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্মেলন ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: ফরহাদ আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা।
হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান।
এদিকে, সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সাথে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ স্বাক্ষর করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








