
‘আমি একটু নিচ থেকে কথা বলে আসি’—পরিবারকে এ কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি। এরপর আর বাসায় ফেরেননি তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) নিখোঁজ হওয়ার পরদিন বুধবার (২৮ অক্টোবর) তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ছেলের লাশ নেয়ার সময় এসব তথ্য জানান তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল।
তাহসিফের বাবা জানান, গত ২৭ অক্টোবর পুরো দিন মায়ের সাথে কেনাকাটা করেন তাহসিফ। এ সময় তিনি অত্যন্ত খোশমেজাজে ছিলেন। রাত ১২টা পর্যন্ত উত্তরা ১৮ নম্বর সেক্টরে তাদের বাসভবনের কম্পাউন্ডে স্বজনদের সাথে সময় কাটান তিনি। রাত ১২টার পর মাকে বলেন, ‘আমি একটু নিচ থেকে কথা বলে আসি।’ এরপর ভবনের নিচে নেমে গেলেও আর বাসায় ফেরেননি।
পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার রাতে অর্থাৎ বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাদের পূর্বপরিচিত ‘দীপ’ নামের এক বন্ধুর কাছে দ্রুতগতির একটি ভয়েস মেসেজ পাঠান। ওই বার্তায় তাকে বলতে শোনা যায়, ‘আমি আসতেছি, রানিং আছি আসতেছি।’
তবে ওই রাতে তিনি কোথায় যাচ্ছিলেন এবং কার ডাকে রওনা হয়েছিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে ‘দীপ’-এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। রাত ১২টার পর থেকে নিখোঁজ থাকার পর বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার আগে পুলিশ স্বজনদের ফোন করে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধারের খবর জানায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম আত্মহত্যার সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করেন। তিনি বলেন, ‘ও সারাদিন ওর মায়ের সাথে ছিল, শপিং করেছে, ভেরি হ্যাপি মোডে ছিল। সে ছিল দেশের একজন সম্পদ, একজন দক্ষ পাইলট। এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না।’
তিনি ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বলেন, ‘এ ঘটনার পেছনে কোনো চক্র বা অন্য কোনো সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনারও জোর দাবি জানান তিনি।’
তাহসিফের বাবা জানান, ‘দাফন-কাফন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পর পরিবার আনুষ্ঠানিকভাবে থানায় মামলা করবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।’
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: মুস্তাফিজুর রহমান সাক্ষীদের উপস্থিতিতে তাহসিফের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে তুরাগ নদীর রাজাবাড়ী ব্রিজের পাশে জোসনার খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ফর্সা গায়ের রঙের তাহসিফের পরনে ছিল কালো ফুলহাতা শার্ট ও বাদামি ফুলপ্যান্ট। তার কপাল, বুক, পেট, পিঠ, হাত কিংবা পায়ে বাইরে থেকে দেখা যায়—এমন কোনো জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক দিয়ে রক্ত নির্গত হতে দেখা যায়, মুখে লালা ছিল এবং পেট কিছুটা ফোলা ছিল।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ও স্বজন মো: রুহুল আমীন আনুষ্ঠানিকভাবে তার লাশ শনাক্ত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








