তত্ত্বাবধায়ক সরকার, সালাহউদ্দিন আহমদ
রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কোনো বিকল্প নেই। 
বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Advertisement

এর আগে, জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেটির কর্মপরিধি, কত দিনের মধ্যে গঠন করতে হবে, কোন সার্চ বডি অথবা ইলেকশন কমিটির মধ্য দিয়ে করলে বিতর্কিত হবে না- সবই আমরা পরীক্ষা-নিরীক্ষা করব। এরপর জাতীয় সংসদে এই বিল উত্থাপনের পরে যখন বিতর্ক হবে, তখনো অনেক পরামর্শ ও প্রস্তাব আসতে পারে।

বিশেষ কমিটি এখনো সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে যেতে পারেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, আমরা অনেক ধরনের পরামর্শ ও প্রস্তাব পেয়েছি। এসব প্রস্তাব বিভিন্ন বৈঠকে উত্থাপিত হয়েছে। বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে অনেক প্রস্তাব পেয়েছি। সম্পাদকমণ্ডলীর কাছ থেকেও পেয়েছি। বিভিন্ন সভায় যাদের সাথে আমরা বসছি, তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের প্রস্তাব পেয়েছি। সব একত্রিত করে কমিটির বৈঠকে আলোচনা করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে পাওয়া প্রস্তাবসমূহ এবং এ বিষয়ে চিন্তাভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তাব একত্রে পরবর্তীকালে রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে। সূত্র : বাসস