
‘শব্দচয়ন’ নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোরতা বোঝাতে আইজিপি অসতর্কভাবে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন।
বুধবার বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি তখন বলেন, বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত কোনো ক্রসফায়ার বা গুম হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সরকারের মেয়াদ আট মাস পার হলো। কোনো ক্রসফায়ার, কাস্টডিয়াল ডেথ হয়েছে? গুমের শিকার হয়েছে কেউ? হয়নি। একটা অভিযোগ আছে, আমরা তদন্ত করছি তা নিয়ে।
তিনি আরো জানান, যে ঘটনায় অভিযোগ আছে, তা নিয়ে সরকার মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে, কেউ কোনো অভিযোগ দেয়নি এখনো। তাই, এটা যথেষ্ট সময় একটি সরকারকে বিশ্লেষণ করার জন্য," যোগ করেন তিনি।
এরপর তিনি আইজিপির বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আজিজিপির মন্তব্যের ব্যাখ্যা পরবর্তীতে দেয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ করার ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে হয়তো অসতর্কভাবে এই শব্দচয়নটা হয়েছে।’
তিনি বলেন, ‘ওখানে সে বলে নাই কিন্তু যে ক্রসফায়ারের নির্দেশনা উনি পেয়েছেন বা উনি নিজে করতে চান। তারপরও আমি বলেছি, এই জাতীয় শব্দচয়ন করা তার সঠিক হয়নি।’
মূলত, গত ২৬ অক্টোবর বাংলাদেশ পুলিশ প্রধান আলী হোসেন ফকির পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে কথা প্রসঙ্গে বলেন, ‘কে আসবে, আপা কবে আসবে, কী হবে, ওইটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না।’
আইজিপি বলেন, ‘আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করবো। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে আমরা সেটাই করবো।’
তার ওই মন্তব্য ঘিরে পরবর্তীকালে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর ওইদিন সন্ধ্যাই একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ সদর দফতর থেকে বলা হয়, ‘আইজিপি ক্রসফায়ার শব্দটিকে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে উল্লেখ করেছেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








