
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশ অর্থনৈতিক অংশীদারত্ব আরো জোরদার করার উদ্যোগ নেয়ার মধ্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।
টোকিওতে স্থানীয় সময় বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকার সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, বিশেষ করে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশে জাপানের বিনিয়োগ সম্প্রসারণে জেটরোর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশে জাপানি কোম্পানিগুলোর জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয়পক্ষ একমত হয়েছে।
এছাড়া দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং বাংলাদেশে জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চান তারেক রহমান।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে সহায়তা করবে।
জেটরোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের পরিপ্রেক্ষিতে জাপানি কোম্পানিগুলো ইতোমধ্যে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
বৈঠক শেষে কাতাওকার আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য জেটরো প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।
বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো: শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








