কউক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর
কউক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কক্সবাজারকে পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় কক্সবাজারের সার্বিক উন্নয়ন, সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে কক্সবাজারের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়। এ সময় ভূমির পরিকল্পিত ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ এবং পর্যটননির্ভর এলাকার টেকসই উন্নয়নসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।

পরে প্রতিমন্ত্রী প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো: তালাত, উপ-নগর পরিকল্পনাবিদ মো: তানভীর হাসান রেজাউল এবং সচিব (উপসচিব) সানজিদা বেগম। 

এছাড়া কউকের অন্যান্য কর্মকর্তা, কক্সবাজার গণপূর্ত অধিদফতর এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস