
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেয়া হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এসব সহায়তা কেবল আর্থিক অনুদান নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সাথে একাত্মতা প্রকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার প্রয়াস।
নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসার মর্যাদা রক্ষায় তিনি যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন তাদের পাশে থাকবেন। পূজা-সংক্রান্ত যেকোনো সমস্যা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক প্রয়োজনে তার সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








