
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ডের প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে উপকূলীয় অঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপাসনালয়ের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসান।
তিনি বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজার আয়োজন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জনের সময় যেকোনো ধরনের নৌ-দুর্ঘটনা মোকাবিলায় কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানানো হয়েছে। একইসাথে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের শুভকামনা জানান মহাপরিচালক। পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোকে ধন্যবাদ জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








