
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। সব প্রাণীর প্রতি সদয় হতে হবে এবং পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। এসব গুণের মধ্য দিয়েই শিশুদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এর আগে, শিশু একাডেমিতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয় শিশুরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা: জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পরিবেশনায় অংশ নেয়া শিশুদের সাথে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও দেশের বিভিন্ন জায়গা থেকে শিশুরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।
এরপর প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন। একই ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রীকে শিশুদের পক্ষ থেকে স্মারক উপহার দেয়া হয়। এ ছাড়া বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন তিনি।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








