পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি বলেছেন, শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা 
বিশ্ব শিশু দিবসের আলোচনা সভায় শিশু-কিশোরদের সাথে অতিথিগণ, রোববার জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক কনফারেন্স হলে। নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি বলেছেন, ‘মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা। মাদকমুক্ত যুবসমাজ এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশু-কিশোর ও তরুণদের মরণনেশার হাত থেকে রক্ষা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

Advertisement

রোববার (৪ অক্টোবর) রাতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক ভিআইপি কনফারেন্স হলে বিশ্ব শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি বলেন, ‘শিশু, কিশোর ও যুব সমাজই আমাদের মূল সম্পদ। আমাদের সন্তানরা সবচেয়ে বড় শিক্ষা পায় তাদের মায়ের কাছ থেকে। পারিবারিক শৃঙ্খলা ও ইতিবাচক অভ্যাস গঠনে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। তাই পরিবার ও সমাজে মায়েদেরকে সর্বদা শ্রদ্ধার আসনে রাখতে হবে।’

নিজের শৈশব ও কৈশোরের স্মৃতি স্মরণ করে পার্বত্য মন্ত্রী বলেন, ‘আমার শৈশবে খেলাধুলাই আমাকে সব ধরনের বাজে নেশা ও অপসংস্কৃতি থেকে দূরে রেখেছিল। খেলাধুলার ব্যস্ততা আমাকে কখনো কোনো মন্দ কাজে পা বাড়াতে দেয়নি। কিন্তু উদ্বেগের বিষয় হলো, বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।’

সীমান্তবর্তী ও দূরবর্তী অঞ্চলগুলোর বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘কক্সবাজার ও বান্দরবানসহ সীমান্ত সংলগ্ন কিছু এলাকার উদীয়মান তরুণরা মাদকের কারণে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাদেরকে এ মরণনেশা থেকে ফিরিয়ে আনতে সামাজিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতোপূর্বে কক্সবাজার ও আমার নির্বাচনী এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণা করা হয়েছে, যা এখন বাস্তবায়নের পথে।’

মাদকের অপব্যবহার রোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সাচিং প্রু বলেন, ‘আমাদের ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমগুলোতে মাদকের কুফল সম্পর্কে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। যারা ইতোমধ্যে মাদকে আসক্ত হয়ে পড়েছে, সামাজিক প্রতিরোধের মাধ্যমে তাদেরকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনতে হবে।’

জাপানি তরুণদের সুশৃঙ্খল জীবনযাত্রার উদাহরণ দিয়ে মন্ত্রী সাচিং প্রু বলেন, ‘জাপানের শিশুরা অত্যন্ত সুসংবদ্ধ এবং তাদের প্রতিটি পদক্ষেপে শিক্ষার প্রতিফলন দেখা যায়। আমাদের শিশুদেরও ভালো কিছু শেখার ও জানার মানসিকতা গড়ে তুলতে হবে, যাতে তারা প্রকৃত মানুষ হতে পারে।’ 

পার্বত্য মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায়, কোটি শিশু-কিশোরের অংশগ্রহণে সরকার যে স্পোর্টস ইভেন্টের আয়োজন করেছে, তার মূল লক্ষ্যই হলো আমাদের সন্তানদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও মাদকমুক্ত রাখা। অনাগত শিশুদের জন্য আগামীর বাংলাদেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বাংলাদেশ শিশু সংগঠন ফেডারেশনের সহ-সভাপতি লায়ন এ সরকার বাবুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা এবং রূপগঞ্জ ইউথ ফ্রন্টের সভাপতি নুরন্নবী ভূঁইয়া।