মিশর
মিশরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে’র সাথে মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. মো: কেরামত আলী।। নয়া দিগন্ত

মিশরে বাংলাদেশী প্রশিক্ষিত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বাংলাদেশের আম রফতানি বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পোশাকশিল্পের বাজার সম্প্রসারণ নিয়ে মিশরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে’র সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো: কেরামত আলী।

Advertisement

মতবিনিময়কালে ড. কেরামত আলী বলেন, ‘শিবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রশিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের মিশরের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে উভয় দেশই উপকৃত হবে। একই সাথে বাংলাদেশের অর্থকরী ফসল আম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম মিশরের বাজারে রফতানির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, মিশরে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশী পোশাকশিল্পের চাহিদা বাড়ানোর উদ্যোগ নেয়া প্রয়োজন। এছাড়া হুন্ডির পরিবর্তে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের রেমিট্যান্স দেশে পাঠানোর সুযোগ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরো উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।

জবাবে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে বলেন, ‘মিশরে বাংলাদেশী দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দূতাবাস কাজ করছে। মিশরের বিভিন্ন খাতে বাংলাদেশী শ্রমিকদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।’

তিনি জানান, মিশরের কৃষি, ফার্মাসিউটিক্যালস, সিরামিক, মৎস্য এবং খনিজ সম্পদ উত্তোলনসহ বিভিন্ন খাতে বাংলাদেশী প্রশিক্ষিত শ্রমিকদের নিয়োগের বিষয়টি বিবেচনা করছে মিশর সরকার। এ ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশী কর্মীদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

মতবিনিময়কালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।