
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কাজী জাফরউল্লাহ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা এবং ১ লাখ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: তানজীর আহমেদ এ তথ্য জানান।
দুদক জানায়, কাজী জাফরউল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে কাজী আনুশকা মেহরিন জাফরের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অর্থ ও এফডিআরসহ অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাইয়ে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানে কাজী জাফরউল্লাহর নামে মেঘনা ব্যাংক পিএলসিতে ২৮ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে ১৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৭১৭ টাকা ও প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ৭ কোটি ৫ লাখ ২৮ হাজার ৪০৫ টাকা পাওয়া গেছে। তিন ব্যাংকে তার নামে মোট ৫৪ কোটি ১৮ লাখ ৮১ হাজার ৮৫২ টাকা রয়েছে।
তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহর নামে মিডল্যান্ড ব্যাংকে ১৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ১৭ টাকা ও প্রিমিয়ার ব্যাংকে ৮ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৫৭৮ টাকা রয়েছে। মোট ২৬ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ টাকা।
ছেলে কাজী ওমর জাফরের নামে তিন ব্যাংকে মোট ৩০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৯৫৬ টাকা রয়েছে। আরেক ছেলে কাজী রায়হান জাফরের নামে দুই ব্যাংকে ২৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ২৪৯ টাকা ও ১ লাখ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার রয়েছে।
মেয়ে কাজী আনসকা মেহরিন জাফরের নামে তিন ব্যাংকে মোট ৩১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৭০৫ টাকা পাওয়া গেছে।
দুদক জানায়, এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ কারণে উল্লিখিত সম্পত্তি অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের সহকারী পরিচালক মো: শহীদুর রহমান এ অনুসন্ধান করছেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








