চট্টগ্রামে বিকেটিটিসি পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
চট্টগ্রামে বিকেটিটিসি পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নয়া দিগন্ত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘কোন অঞ্চলে কী ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে এবং কোন ধরনের স্কিল বা ট্রেইনিং প্রয়োজন, তা চিহ্নিত করে সেই অনুযায়ী প্রশিক্ষণর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। আমরা চট্টগ্রাম থেকেই এমন একটি পাইলট প্রোগ্রাম শুরু করতে চাই।’

Advertisement

শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে চট্টগ্রামে আরো দক্ষকর্মী তৈরি করা যায় সেই বিষয়ে মন্ত্রণালয়ে ফিরে সার্বিক পর্যালোচনা ও আলোচনা করব।’

নতুন উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘অবকাঠামো ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে থেকেও অনেক ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভালো করছে। ওরা পারলে আমরা কেন পারব না? দেশের সার্বিক উন্নয়নের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিভিন্ন দেশে কর্মরত আমাদের রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান থাকবে তারা যেন নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করেন এবং কোথায় কী ধরনের কাজের চাহিদা রয়েছে তা চিহ্নিত করেন। বিদেশের বাজার ও চাহিদানুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে শতভাগ দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানি সম্ভব হবে।’

পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো: ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো: আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।