
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, উপযুক্ত চিকিৎসা সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে এসব শিশুর মুখে হাসি ফোটানো আমাদের সামাজিক ও জাতীয় দায়িত্ব।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন আমেরিকা’র সহযোগিতায় ‘নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট’ ও ‘চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন’ আয়োজিত ‘বিশ্ব হাসি দিবস-২০২৬’ উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হওয়া শিশুদের নিয়ে এক মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ‘হাসি একটি সার্বজনীন ভাষা। বিশেষ করে একটি শিশুর মুখের হাসি তার পরিবার ও পুরো সমাজকে আনন্দিত করে। একটি সুস্থ ও হাসিখুশি শিশুই আগামী দিনের সমৃদ্ধ জাতি গড়ে তুলবে। তাই শিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’
তিনি আরো বলেন, শিশুদের স্বাস্থ্যসেবা আরো সহজ, সাশ্রয়ী ও দ্রুত করতে প্রযুক্তি ও উদ্ভাবন বড় ভূমিকা রাখতে পারে। টেলিমেডিসিন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছে। প্রযুক্তির এই সুফল প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।
চিকিৎসকদের অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, আজ এখানে ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসার মাধ্যমে মুখে হাসি ফিরিয়ে দেয়ার যে মানবিক উদ্যোগ দেখলাম, তা অত্যন্ত প্রশংসনীয়। ড. বিজয় দাসসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে সেবা দিচ্ছেন, তা শুধু চিকিৎসাসেবা নয়- এটি শিশু ও তাদের পরিবারগুলোতে নতুন আনন্দ ফিরিয়ে দেয়ার একটি মহৎ উদ্যোগ। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








