
জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের মূল শক্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, দুস্থদের আর্থিক সহায়তা, সম্প্রতি মরহুম বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল-ত্রুটি হলে জনগণ তা গঠনমূলকভাবে তুলে ধরবেন। জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতে ভুল সংশোধন করে সেবার মান আরো উন্নত করতে হবে। জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের প্রধান শক্তি।
তিনি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। পরে, তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছয় দরিয়া বিলে পোনামাছ অবমুক্ত করেন।
এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করা জরুরি।
দেশের জলাশয়গুলোতে মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাসস








