
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা ও রাজধানীসহ শহরের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়নোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজই প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।
বিআরটিএ সূত্র জানিয়েছে, এই বাড়তি ভাড়াহার শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না। ট্রাক-কাভার্ডভ্যানসহ পণ্যবাহী অন্য যানবাহনের ভাড়াও সরকার ঠিক করে দেয় না। ফলে পণ্যবাহী যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে বাড়তি ভাড়ার হার কার্যকর হবে না।
বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাস ধরে ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। তবে দূরপাল্লার পথে অনেক পরিবহনে ৫২ আসনের বাসের আসন কমিয়ে আরামদায়ক করা হয়। সে ক্ষেত্রে ভাড়ার তারতম্য হতে পারে।
দূরপাল্লা ও শহরের কোন পথে, কত দূরত্বে ভাড়া কেমন হবে—এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলেও বিআরটিএ সূত্রে জানা গেছে। তবে এর জন্য দুয়েক দিন সময় লাগতে পারে।
বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে অন্যান্য খরচ যুক্ত করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, ততটুকুই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সাধারণত জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি বৃদ্ধি পায় এক পয়সা। এবার ডিজেলের মূল্য লিটারে ২০ টাকা বেড়েছে। বিআরটিএ কিলোমিটার প্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা করার সিদ্ধান্ত দিয়েছে।








