ট্রেন
হামলায় আহত ট্রেনের চালক ও সহকারী চালক। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি খালি বিটিও ট্যাংকার ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টারের ওপর হামলা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। এ সময় ট্রেনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে তাদেরকে কুপিয়ে জখম করা হয় এবং তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নেয়া হয়।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে দর্শনা জংশনের কাছাকাছি দুধপাথিলা মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনসংলগ্ন দুধপাথিলা মুরগি ফার্মের নিকট থামানো হয়েছিল। ট্রেনটি থেমে থাকা অবস্থায় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

তারা ট্রেনের ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে চালক নজরুল ইসলাম ও সহকারী চালক কবির হোসেনকে মারধর ও কুপিয়ে জখম করে। পরে তাদের কাছে থাকা দুইটি মোবাইল ফোন, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রেনটিকে উদ্ধার করে উথলী স্টেশনের লুপ লাইনে নেয়া হয় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দুই চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে ঈশ্বরদী থেকে বিকল্প চালক দল ঘটনাস্থলে রওনা হয়েছে। তারা এসে পৌঁছালে ট্রেনটিকে গন্তব্যস্থল খুলনার উদ্দেশ্যে উথলী স্টেশন থেকে ছেড়ে নেয়া হবে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় রেলকর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি  উথলৃী স্টেশন মাস্টার আরাফাত রহমান নিশ্চিত করেছেন।