মিষ্টি বিতরণ
মিষ্টি বিতরণ। নয়া দিগন্ত

বগুড়ার মোকামতলায় নতুন থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই খবরের আনন্দে মিষ্টি বিতরণ করেছেন প্রেস ক্লাবের সদস্যরা।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) সকালে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর মোকামতলায় স্থানীয় মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। তাৎক্ষণিকভাবে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন মোকামতলা মডেল প্রেস ক্লাবের সদস্যরা। এ ছাড়া প্রস্তাবিত পৌরসভার আওতাধীন কাশীপুর গ্রামের যুবসমাজ এবং অধিকার মানব কল্যাণ সংস্থার সদস্যরাও মিষ্টি বিতরণ করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘নিকার বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল থানা ও পৌরসভা প্রতিষ্ঠা।’ 

স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ সিদ্ধান্ত নেয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস ছাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক খালিদ হাসান বলেন, ‘মোকামতলায় থানা ও পৌরসভা প্রতিষ্ঠার ফলে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা পাওয়া সহজ হবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। উপজেলা প্রতিষ্ঠার পর থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন মোকামতলার প্রশাসনিক ও নাগরিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।’