পরিচ্ছন্নতা অভিযান
পরিচ্ছন্নতা অভিযান। নয়া দিগন্ত

রাঙ্গামাটি পৌর এলাকার পরিচ্ছন্নতা এবং নাগরিক সুযোগ সুবিধা বাড়াতে পৌর প্রশাসক রুহুল আমিনের দিকনির্দেশনায় চলছে বিশেষ কর্মসূচি ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’। রাঙ্গামাটি পর্যটন শহরের আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে পৌর কর্তৃপক্ষ।

Advertisement

পৌরসভা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়। মূলত পৌরসভার পরিচ্ছন্নতা টিম এবং পৌরবাসীর মধ্যে যোগসূত্র স্থাপনই এই পেজটির প্রধান উদ্দেশ্য। এই পেজে নাগরিকরা শহরের যেকোনো স্থানে সড়ক বাতি এবং জমে থাকা ময়লা আবর্জনার ছবির সঠিক লোকেশন কমেন্ট করে জানালে পরিচ্ছন্ন কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আবর্জনা অপসারণ করছেন এবং সড়ক বাতির ব্যবস্থা করছেন। 

রাঙ্গামাটি শহরের ​নাগরিক অংশগ্রহণের এই অভিনব সাফল্যের ফলে গত এক মাসে নাগরিকদের দেয়া তথ্যের ভিত্তিতে  পৌর এরাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মোট ৯১৪টি সড়ক বাতি (স্ট্রিট লাইট) প্রতিস্থাপন করা হয়েছে, যা রাতের রাঙ্গামাটি শহরকে আরও আলোকিত ও নিরাপদ করে তুলেছে। ৬৪.৭৫ বর্গকিলোমিটার আয়তনের রাঙ্গামাটির বিশাল এই পৌর এলাকায়  সড়ক বাতি রক্ষণাবেক্ষণের জন্য মাত্র একটি গাড়ি ও সীমিত জনবল কয়েকজন মাস্টাররোল কর্মী ও একজন উপ-সহকারী প্রকৌশলী নিয়ে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ। বর্তমানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন গড়ে প্রায় ৩২ থেকে ৩৫ টন ময়লা-আবর্জনা সফলভাবে অপসারণ করছেন বলে জানা গেছে ।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পরিচ্ছন্ন ও সুন্দর রাঙ্গামাটি গড়ে তুলতে পৌরবাসীর সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ এই স্লোগানকে সামনে রেখে পৌরসভার এই বিশেষ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে  রাঙ্গামাটি পৌরসভা।