
বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসুর মৃত্যু হয়েছে। বিজ্ঞান গবেষণা ও বাংলা সাহিত্যে নিজের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন তিনি। প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠানেও কাজ করেন তিনি। পাশাপাশি সাহিত্যকর্মে তুলে ধরেছেন সামাজিক বৈষম্যের নানা চিত্র।
শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূরবী বসু।
তার স্বামী জ্যোতিপ্রকাশ দত্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন পারকিনসন্স রোগে ভুগছিলেন তিনি। আগে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।
১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মেডিক্যাল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। কর্মজীবনে মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করেছেন। দেশে ফিরে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উচ্চপদে দায়িত্ব পালনের পাশাপাশি ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক ছিলেন।
সাহিত্যাঙ্গনে কথাসাহিত্য, কবিতা ও প্রবন্ধ রচনায় ছিল তার সরব উপস্থিতি। ৪০টির বেশি বইয়ের রচয়িতা পূরবী বসুর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








