বিদ্যুৎ
বিদ্যুৎস্পৃষ্ট যুবকেকে উদ্ধারের চেষ্টা। নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন এক যুবক। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মীদের যৌথ প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরের ডান পাশের বড় একটি অংশ দগ্ধ হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মিলে ওই এলাকার একটি ট্রান্সফরমার চুরির পরিকল্পনা করেন। এ সময় তাদের একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ সচল থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে খুঁটির ওপরই আটকে পড়েন তিনি।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনা এড়াতে প্রথমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ চেষ্টার পর রাত ১২টার দিকে তাকে জীবিত নামিয়ে আনা হয়।

স্থানীয় বাসিন্দা সুলতান শেখ জানান, রাত ১০টার দিকে তারা বিদ্যুতের খুঁটির ওপর একজনকে আটকে থাকতে দেখেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, ‘প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের অনেকাংশ পুড়ে গেছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় বলেন, ‘খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যান। রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকাজের স্বার্থে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল। এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি কী কারণে বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’