
গাজার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয় নেয়া একটি তাঁবুতে তীব্র শীতে জমে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা ও একজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে শীতকালীন ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে ইসরাইল কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বার্তাসংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নয় মাস বয়সী কিনান আহমেদ রাকিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ‘হাইপোথার্মিয়া’ বা শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে যাওয়ার কারণে মারা গেছে।
শিশুটির বাবা আহমেদ রাকিক এএফপিকে জানান, রাতে গাজায় তাপমাত্রা প্রচণ্ড কমে যাওয়ার পর কিনানের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি ওর গায়ের চামড়া নীল হয়ে গেছে। দ্রুত তাকে নাসের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে সে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ঠান্ডায় জমে মারা গেছে।’
হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তিনি আরো বলেন, ‘আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেছি। আমার ছেলেকে কাফনের কাপড়ে জড়ানো অবস্থায় আমার কোলে পেলাম।’
এ সময় তার মুখে ছিল শুকিয়ে যাওয়া চোখের পানি, আর তার কোলে ছিল সাদা কাপড়ে মোড়ানো সন্তানের লাশ।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ‘আল-কুদস’-এর প্রতিবেদন অনুযায়ী, গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল তীব্র শীতের কারণে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মৃত্যুর ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে ৫০টিরও বেশি দেশ ও সংস্থার একটি জোট গাজায় আশ্রয়, জ্বালানি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী অবিলম্বে প্রবেশের অনুমতি দেয়া জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসঙ্ঘ শিশু তহবিলের (ইউনিসেফ) গাজাবিষয়ক মুখপাত্র জেমস এল্ডার সতর্ক করে বলেছেন যে, ‘গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ, তা জানা অত্যন্ত জরুরি। শীত আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি, অথচ আমরা নজিরবিহীন বৃষ্টিপাত ও শীতের মুখোমুখি হচ্ছি।’
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








