
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় নতুন ‘জলবায়ু ন্যায়বিচার চুক্তি’র প্রস্তাব দিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে দ্রুত সরে আসা, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ জন্য ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোকে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল দেয়ার তাগিদ দিয়েছেন। বড় তেল কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার ওপর কর বসিয়ে সেই অর্থ ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহায়তায় ব্যয়ের প্রস্তাবও দিয়েছেন তিনি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১১ নভেম্বর) জানায়, তুরস্কে জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর নেতাদের শীর্ষ সম্মেলনে এ প্রস্তাব দেন গুতেরেস। তিনি বলেন, ‘আমাদের নতুন একটি জলবায়ু ন্যায়বিচার চুক্তি দরকার। এর ভিত্তি হবে অভিন্ন দায়িত্ব, অভিন্ন নিরাপত্তা ও অভিন্ন সুফল।’ একই সাথে ‘অভিন্ন কিন্তু ভিন্ন মাত্রার দায়িত্ব’ নীতি মেনে সব দেশকে নিজ নিজ অঙ্গীকার পূরণের আহ্বান জানান তিনি।
প্রস্তাবিত চুক্তির চারটি মূল ভিত্তির কথা তুলে ধরেন গুতেরেস। এগুলো হলো জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উপায়ে সরে আসার প্রক্রিয়া দ্রুত করা, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা, পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা এবং ভূরাজনৈতিক বিভক্তির বদলে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেয়া।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা ২০২৫ সালের তুলনায় তিন গুণ করতে হবে। একই সময়ের মধ্যে নিঃসরণ কমানোর ব্যবস্থা ছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অন্তত ৭৫ শতাংশ কমাতে হবে বলেও জানান তিনি।
জলবায়ু তহবিলের অর্থ জোগাড়ে বড় তেল কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার ওপর কর বসানোর প্রস্তাব দেন গুতেরেস। তিনি জানান, বিশ্বের নয়টি বৃহত্তম তেল কোম্পানি গত প্রান্তিকেই ৯৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এই অর্থ ঝুঁকিতে থাকা দেশগুলোর সহায়তায় কাজে লাগানো যেতে পারে।
জলবায়ু বিপর্যয় বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতিতে আঘাত হানছে বলে সতর্ক করেন জাতিসঙ্ঘ মহাসচিব। বর্তমান পরিস্থিতির গতিপথকে তিনি ‘পারস্পরিক নিশ্চিত ধ্বংসের পথ’ বলে অভিহিত করেন। গুতেরেসের সতর্কবার্তা, ‘হয় পরিকল্পিতভাবে এই ন্যায়সংগত জ্বালানি রূপান্তর ঘটাতে হবে, নয়তো বিশৃঙ্খলা ও মানুষের জীবিকা হারানোর মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১ অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ায়। আয়োজক দেশ তুরস্ক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








