
ইসরাইল ও ইরানের মধ্যকার চরম ভূ-রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার গিয়ে লেগেছে তেহরানের এক সাধারণ বাদাম ও মিষ্টি বিক্রেতার ওপর। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে চেহারাগত অবিশ্বাস্য মিল থাকার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছেন এই ইরানি ব্যবসায়ী।
তবে এই আকস্মিক জনপ্রিয়তা তার জন্য যেমন হাসির খোরাক নিয়ে এসেছে, তেমনই ডেকে এনেছে চরম বিপত্তি ও ব্যবসা বয়কটের হুমকি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মাত্র ৯ সেকেন্ডের একটি ছোট ভিডিওতে দেখা যায়, তেহরানের ওই ব্যবসায়ী তার মিষ্টি ও শুকনো ফলের দোকানে ওজন মাপার স্কেলের পেছনে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামা জানিয়েছে, শুরুতে বিষয়টি নিয়ে বেশ কৌতুক ও ট্রোল শুরু হয়।
অনেকে ওই ব্যবসায়ীর দোকানের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন এবং রসিকতা করে জানান যে তারা ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকেই কেনাকাটা করতে চান। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি কেবল নিছক রসিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি।
নেতানিয়াহুর চেহারার সাথে চেহারার মিল থাকার ‘অপরাধে’ অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসায়ীর দোকান বয়কট করার ডাক দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি হওয়া ক্ষোভের বলি হয়ে স্রেফ চেহারার মিল থাকার কারণেই এখন নিজের ব্যবসা রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে তেহরানের এই নিরপরাধ দোকানদারকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








