ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

রাশিয়ার সাথে শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্থতাকারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হওয়া এ শান্তি আলোচনা বুধবার দ্বিতীয় দিনের মতো চলার কথা রয়েছে।

মঙ্গলবার আবুধাবিতে কিয়েভ ও মস্কোর প্রতিনিধিরা আলোচনায় বসেন। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম আলোচনা। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরো পড়ুন—শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ব্যবসায়ী স্টিভ উইটকফসহ মার্কিন প্রতিনিধিরা এ আলোচনায় মধ্যস্থতা করছেন।

প্রথম দিনের বৈঠক কয়েক ঘণ্টা ধরে চলে। এর লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধের অবসানে অগ্রগতি অর্জন করা। পাশাপাশি ইউরোপকে অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন’ নিরাপত্তাকাঠামো তৈরির বিষয়েও কাজ করার কথা জানিয়েছে ওয়াশিংটন।

আরো পড়ুন—শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

কুশনার আলোচনায় অংশগ্রহণকারীদের বলেন, যুদ্ধরত দুই পক্ষের মধ্যে মতপার্থক্য অনেকটাই কমিয়ে এনেছে যুক্তরাষ্ট্র।
 
মঙ্গলবার কোপেনহেগেনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলেনস্কি বলেন, আলোচনা ‘গঠনমূলক ও বেশ তাৎপর্যপূর্ণ’ হয়েছে।

কুশনার ও উইটকফের শান্তি আলোচনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে কি না, জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। যা শুনছি, তাতে আমি খুবই সন্তুষ্ট।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, আবুধাবিতে আলোচকরা ‘বড় পরিসরে বন্দী বিনিময়ের’ বিষয়েও কাজ করছেন। 

তবে গত রাতে যুদ্ধ চলেছে। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে জানান, ইউক্রেনের ড্রোন হামলায় বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ তেল রফতানি বন্দর উস্ত-লুগায় আগুন লেগেছে।

তিনি আরো জানান, চলমান সামরিক অভিযানের মধ্যে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী ১৪৬টি ড্রোন ভূপাতিত করেছে।

‘নতুন’ নিরাপত্তাকাঠামো
ট্রাম্প রাশিয়ার সাথে ইউরোপের যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা পুনর্গঠনের বিষয়ে একটি সমঝোতার ইঙ্গিত দেয়ায় ইউরোপের দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। একইসাথে ওয়াশিংটন কিয়েভকে কার্যত পরাজয় মেনে নিতে বাধ্য করতে পারে বলেও আশঙ্কা করছে তারা।

কুশনার বলেন, ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে এমন একটি ‘নতুন নিরাপত্তাকাঠামো’ গড়ে তোলাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য, যা ‘কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী ধরে শান্তি’ নিশ্চিত করবে।

ইউক্রেন ‘ইয়াল্টা ২.০’ চুক্তির বিষয়ে সতর্ক করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা সম্মেলনে পশ্চিমা নেতারা সোভিয়েত ইউনিয়নের সাথে মিলে ইউরোপকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার বিষয়টি এর মাধ্যমে বোঝানো হয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, যুদ্ধবিরতির পরই কেবল নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে।

জেলেনস্কি ডেনমার্কের গণমাধ্যমকে  বলেন, ‘পুতিন সোভিয়েত ইউনিয়নকে আবার ফিরিয়ে আনতে চান।’

পুতিন এর আগে বৃহত্তর পরিসরে যুদ্ধবিরতির বিভিন্ন প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন। একই সাথে ইউক্রেনে রুশ সেনাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

ইউরোপের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনায় মস্কোর চাপ
ইউরোপের কয়েক দশক পুরোনো নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার দাবি পুনরুজ্জীবিত করতে রাশিয়ার আগ্রহের ইঙ্গিত মিলেছে দেশটির প্রতিনিধিদলে কূটনীতিক সের্গেই রিয়াবকভের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে। ইউক্রেনে হামলার আগে ন্যাটোকে পূর্ব ইউরোপ থেকে সেনা সরিয়ে নেয়ার যে দাবি মস্কো জানিয়েছিল, সেই দাবি উত্থাপন করেছিলেন রিয়াবকভ।

রুশ প্রতিনিধিদলের একটি সূত্র এর আগে জানায়, যুদ্ধের নিষ্পত্তি আলোচনার ‘একমাত্র বিষয় নয়’। বরং পুরো মহাদেশের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনাই মস্কোর প্রধান লক্ষ্য।

আলোচনা শুরুর আগে কিয়েভের প্রধান আলোচক রুস্তেম উমেরভ মার্কিন প্রতিনিধি এবং ইউরোপীয় দেশ, ইইউ ও ন্যাটোর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

ইউরোপে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ও ন্যাটোর জ্যেষ্ঠ জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচও আলোচনায় অংশ নিচ্ছেন।

এক যৌথ বিবৃতিতে ইউরোপের দেশগুলো, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যুদ্ধ-পরবর্তী ইউরোপের শক্তিশালী নিরাপত্তাকাঠামো গড়ে তোলার বিষয়ে নিজেদের ‘অভিন্ন অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছে।

যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের
উমেরভ বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করা ও নিরাপত্তার নিশ্চয়তা আদায় করাই কিয়েভের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, ‘আমাদের জনগণ এই যুদ্ধের অবসানের অপেক্ষায় রয়েছে।’

প্যারিসে ইউক্রেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা আংশিক যুদ্ধবিরতির জন্য মার্কিন উদ্যোগের প্রশংসা করেন উমেরভ।