হরমুজ, ইরান
হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন । ফাইল ছবি

হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত করার পর আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

Advertisement

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে তেহরান। এরই মধ্যে এ দুর্ঘটনার খবর জানাল দেশটি।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। 

দেশটির দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুমোদিত রুট ব্যবহার করতে হবে।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে সহায়তা করছে মার্কিন বাহিনী। 

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর নৌবাহিনী জানায়, ‘আজ ভোরে হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলের একটি অনিরাপদ ও নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত হানার পর আগুন ধরে যায়।’

গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালীতে একাধিক জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে তেহরান। এসব ঘটনার ক্ষেত্রে প্রায়ই জাহাজগুলো মাইনে আঘাত পেয়েছিল বলে দাবি করেছে ইরান।