ইসরাইল
নেতানিয়াহু, পরাজয় স্বীকার করে সরে দাঁড়ান । সংগৃহীত

ইসরাইলের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলোর এক্সিট পোল বা বুথফেরত জরিপে 'লিকুদ' একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও—নেতানিয়াহু-পন্থী এবং নেতানিয়াহু-বিরোধী জোটে সমানে-সমান লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এতে নেসেটের ক্ষমতার ভারসাম্য দুই আরব দলের হাতে চলে গেছে এবং কোনো জোটই ৬১ আসনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। 

Advertisement

এমন পরিস্থিতিতে 'য়াশার' পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট বলেছেন, ইসরাইলের জনগণ পরিবর্তন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন অবসানের পক্ষেই রায় দিয়েছে।

ভোটগ্রহণ শেষে নিজের দলের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আইজেনকোট বলেন, 'এগুলো এখনো এক্সিট পোলের প্রাথমিক ফলাফল, আমাদের চূড়ান্ত ভোট গণনার জন্য অপেক্ষা করতে হবে। তবে এটি এখনই পরিষ্কার যে আজকের রাতে নেতানিয়াহু একটি বড়, শক্তিশালী, দায়িত্বশীল এবং জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি দাঁড়িয়েছেন।'

তিনি আরো বলেন, 'জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। ব্যর্থতার এই জোটটি জনগণের আস্থা হারিয়েছে। ইসরাইলি জনগণ নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকার বিরুদ্ধে ভোট দিয়েছে।'

আইজেনকোট নেতানিয়াহুকে 'জনগণের এই অনাস্থার রায় মেনে নিয়ে' রাজনৈতিক জীবন থেকে বিদায় নেওয়ার আহ্বান জানান। সেই সাথে তিনি যোগ করেন, 'এত উচ্চ হারের গণভোটের পর আবারো একটি নির্বাচন আয়োজন করা চরম ভুল সিদ্ধান্ত হবে।'

তিনি ঘোষণা দেন, 'সকলের সেবা নিশ্চিত করতে একটি জায়নবাদী সরকার গঠনে আমি আমার সাধ্যের সবটুকু করব।' তিনি তার সম্ভাব্য এই জোটকে 'সর্বজনীন সামরিক সেবা' প্রদান এবং 'হামাসকে নির্মূল' করার নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি সরকার হিসেবে বর্ণনা করে বলেন, যা 'সমাজের সকল অংশকে সম্মান করবে ও মূল্যায়িত করবে।'

নিরাপত্তা সংস্থা ও সিভিল সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশে আইজেনকোট আহ্বান জানান, 'আপনারা কেবল রাষ্ট্র ও ইসরাইলি নাগরিকদের স্বার্থে কাজ করে যান।'

তিনি শেষ করেন এই বলে— 'এড়ানোর কৌশল, ব্যর্থতা এবং মিথ্যার দিন শেষ। আমরা দেখিয়ে দিয়েছি যে এটি এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের বিজয় নয়, বরং এটি পুরো ইসরাইলের জনগণের জয়।'

সূত্র : টাইমস অব ইসরাইল