ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ
ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ। সংগৃহীত ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের নথিপত্র সম্বলিত জাতিসঙ্ঘের প্রতিবেদনটি ইসরাইলের অপরাধ ও দায়মুক্তির নতুন প্রমাণ তুলে ধরেছে। সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস এ কথা বলেছে।

Advertisement

গোষ্ঠীটি বলেছে যে, জাতিসঙ্ঘের নতুন প্রতিবেদনটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ব্যাপকতা এবং অপরাধীদের দায়মুক্তির বিষয়টি আরো স্পষ্ট করেছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, গাজায় গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।

হামায় জানিয়েছে, প্রতিবেদনে উল্লিখিত নৃশংসতা ও সুপরিকল্পিত অপরাধগুলো প্রমাণ করে যে, জাতিসঙ্ঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এর মধ্যে জাতিসঙ্ঘের অঙ্গসংস্থা ও সদস্য রাষ্ট্রগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব অবসানে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তারা। 

একইসাথে ফিলিস্তিনি ও তাদের ভূখণ্ডের বিরুদ্ধে সংঘঠিত অপরাধের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও জাতীয় আদালতে আইনি পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

উল্লেখ্য, সোমবার জাতিসঙ্ঘ একটি নতুন প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে স্বাধীন বিশেষজ্ঞদের একটি দল জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও সেখানে ইসরাইলের চালানো ‘গণহত্যা’ অব্যাহত রয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর