
সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ও জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নে দেশটির দূত লানা নুসেইবেহ জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। বুধবার আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে তার নাম প্রস্তাব করার পর তিনি এ ঘোষণা দেন। নুসেইবেহ বলেন, ‘এখন আরো জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার সময়।’
আল জাজিরা বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানায়, জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিতে আমিরাত সরকারের দায়িত্ব থেকে সাময়িক বিরতি নিয়েছেন নুসেইবেহ। প্রার্থিতার পক্ষে প্রচার চালাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রার্থিতা ঘোষণার বিবৃতিতে নুসেইবেহ বলেন, ‘আমার পেশাগত জীবনের বড় একটি অংশ কেটেছে জাতিসংঘের ভেতরে ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাজে। দৃঢ় কূটনীতি কী অর্জন করতে পারে, তা আমি নিজের চোখে দেখেছি।’
তিনি আরো বলেন, ‘কূটনীতি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তার মূল্যও আমি দেখেছি। আমরা যা করার প্রতিশ্রুতি দিই, আর বাস্তবে যা করি—এই দুইয়ের ব্যবধান বাড়তে থাকলে মানুষের আস্থা কমে যায়। একই সাথে পদক্ষেপ নেয়ার সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে।’
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সভাপতিদের কাছে চিঠি লিখে নুসেইবেহর নাম প্রস্তাব করেছেন।
নিরাপত্তা পরিষদে ছয় দফা ভোটাভুটির পরও পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স—সবার কাছে গ্রহণযোগ্য কোনো প্রার্থী পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতেই নুসেইবেহকে প্রার্থী হিসেবে সামনে আনল আমিরাত।
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৬ অক্টোবর নিরাপত্তা পরিষদ সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটাভুটি করে। গুতেরেসের দ্বিতীয় মেয়াদের অবসান হবে আগামী ৩১ ডিসেম্বর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








