স্ত্রী
স্বামী ভ্রমণের জন্য বাইরে নিয়ে যেতে আগ্রহী নন- এমন অভিযোগে তালাক চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী। প্রতীকী ছবি

স্বামী বিনোদন কিংবা ভ্রমণের জন্য বাইরে নিয়ে যেতে আগ্রহী নন- এমন অভিযোগে তালাক চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী।

Advertisement

শুক্রবার গালফ মিডিয়ার সূত্রে জিও নিউজ জানিয়েছে, শারজাহ কোর্টসের ফ্যামিলি গাইডেন্স বিভাগের পরিচালক ড. রাজিয়া হাসান আল-রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে এ ঘটনা তুলে ধরেন।

তিনি জানান, ওই নারী ফ্যামিলি গাইডেন্স সার্ভিসের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, তার স্বামী ঘরে থাকতেই বেশি পছন্দ করেন। তাকে নিয়ে বিনোদন কিংবা ভ্রমণে যাওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই।

তবে ওই নারী তার স্বামীকে উদার, ধৈর্যশীল ও উত্তম চরিত্রের জীবনসঙ্গী হিসেবেও উল্লেখ করেন।

এ ঘটনায় শারজাহর ফ্যামিলি গাইডেন্স বিভাগ ওই নারীকে তালাকের পথে না গিয়ে ভাই-বোন ও বাবার বাড়ির স্বজনদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে। একইসাথে জীবনের সাথে সমঝোতা করে সংসারের শান্তি নষ্ট না করার পরামর্শ দেয়া হয়েছে।

ড. রাজিয়া স্বীকার করেন, জীবনযাপন ও বিনোদনের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর ভিন্ন প্রবণতা একে অপরের জন্য সমস্যার কারণ হতে পারে। তবে এ ধরনের মতপার্থক্য সবসময় দাম্পত্য সম্পর্কের অবসানের কারণ হওয়া জরুরি নয়।

তিনি সতর্ক করে বলেন, প্রতিটি মতপার্থক্যকে আইনি বা পারিবারিক বিরোধে পরিণত করা থেকে বিরত থাকা উচিত, বিশেষ করে যখন দাম্পত্য সম্পর্কে গুরুতর কোনো সমস্যা নেই।