
ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩.৮ শতাংশ বেড়েছে। ইরানের দেয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়টি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আল জাজিরা সোমবার (২৮ সেপ্টেম্বর) জানায়, ইরানের সঙ্গে সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালী খুলে দেয়ার লক্ষ্যে দেয়া শান্তি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
সোমবার সকাল ৯টা ৫৯ মিনিটে গ্রিনিচ মান সময় অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৯৮ সেন্ট বা ৩.৮২ শতাংশ বেড়ে ১০৮ ডলার ৩০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৫২ সেন্ট বা ৩.৮১ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৯৩ সেন্টে পৌঁছায়।
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবাজার অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই তেলের দাম বেড়েছে বলে মনে হচ্ছে।'
তিনি আরো বলেন, 'হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের সরবরাহ বাড়ায় দামের ঊর্ধ্বমুখী চাপ কিছুটা কমছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তেলের বাজারে এখনো সরবরাহের ঘাটতি রয়েছে।'








