হামাস, রাজনৈতিক ব্যুরো প্রধান, খলিল আল-হাইয়া, ইয়েমেন, যুদ্ধরত, মধ্যস্থতা, প্রস্তাব
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া। আনদোলু

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তার সংগঠন। তিনি আশা করছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো এই উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি, গাজা রোডম্যাপ বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেন রাজনৈতিক ব্যুরো প্রধান খলিল আল-হাইয়া।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু রোববার (২৭ সেপ্টেম্বর) জানায়, জুলাইয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে কাতারভিত্তিক আল আরাবি টিভিকে এ কথা বলেন আল-হাইয়া। তিনি জানান, হামাস ইতোমধ্যে তাদের প্রস্তাব সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরেছে।

আল-হাইয়া বলেন, 'ইয়েমেনে বিরোধপূর্ণ ও যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে আমরা মধ্যস্থতার প্রস্তাব দিয়েছি। আমি আশা করি, এই প্রস্তাব গ্রহণ করা হবে।'

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হাউছিরা। এরপর এক দশকেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে তাদের সংঘাত চলছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর যুদ্ধ অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। তবে জুলাইয়ে হাউছিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণার পর আবারো সংঘাত শুরু হয়। এরপর তারা উপকূলীয় এলাকায় অগ্রগতির দাবিও করেছে।

আল-হাইয়া জানান, গত বছর থেকে হামাসের নেতারা চারবারের বেশি মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এসব আলোচনায় ফিলিস্তিন ইস্যু, গাজা উপত্যকা এবং ফিলিস্তিনিদের দাবিগুলো গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, 'আমরা মার্কিনদের মধ্যে বোঝাপড়ার মনোভাব অনুভব করেছি। ব্যক্তিগত ও প্রকাশ্য আলোচনায় আমরা বোঝাপড়া এবং প্রশংসার কথা শুনেছি। কিন্তু আমরা বাস্তব ও কার্যকর পদক্ষেপ চাই।'

গাজা রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আল-হাইয়া অভিযোগ করেন, গাজায় ত্রাণ পৌঁছে দেয়ার আরব ও মুসলিম প্রচেষ্টায় ইসরাইল বাধা দিচ্ছে।

ফিলিস্তিনি ঐক্যের বিষয়ে তিনি বলেন, জাতীয় কর্মসূচি ও রাজনৈতিক ঐক্যের ভিত্তি তৈরির লক্ষ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে বসতে হামাস প্রস্তুত।

আল-হাইয়া বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন গাজা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক ও রাজনৈতিক ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা উচিত।

তবে নির্বাচন পিছিয়ে দেয়া হলে বৃহত্তর জাতীয় কাঠামো গঠনের প্রচেষ্টায় বর্তমান রাজনৈতিক জোট অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের জন্যও উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।

আল-হাইয়া সতর্ক করে বলেন, অঞ্চলজুড়ে যুদ্ধ ও সংকটের মধ্যে ফিলিস্তিনি ইস্যু ক্রমেই আড়ালে চলে যাচ্ছে। তিনি ইসরাইলের বিরুদ্ধে সমঝোতার সুযোগগুলো নষ্ট করার অভিযোগও করেন।

তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের অধিকার নিশ্চিত করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে আঞ্চলিক স্থিতিশীলতা অধরাই থেকে যাবে। একই সাথে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার অঙ্গীকার করেন তিনি।