
সম্ভবত আবারো সংঘাতের দিকে।
ডোনাল্ড ট্রাম্প ইরানের এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান নতুন একটি রোডম্যাপ দিয়েছে। এর কয়েক দিন আগে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার সময় ট্রাম্প ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছিলেন।
আল জাজিরা শনিবার (২৬ সেপ্টেম্বর) জানায়, দুই পক্ষই এখন অচলাবস্থায় আটকে আছে। ইরান বলছে, নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে না। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, ওয়াশিংটন ইরানের প্রস্তাবের জবাব দিতে তাড়াহুড়ো করছে না। হরমুজ প্রণালীর বিষয়ে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করছে।
ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে বোমা হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। একই সময়ে ট্রাম্প বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের পরপরই সংঘাত অবসানের একটি চুক্তি হতে পারে বলে তিনি মনে করেন।
ইরানের মূল্যস্ফীতি সামান্য কমেছে
এদিকে যুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত ইরানের মূল্যস্ফীতি সামান্য কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেছেন, গত ১৫ মাসে এই প্রথম এমন প্রবণতা দেখা গেল।
আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগস্টের ৮৪ দশমিক ৪ শতাংশ থেকে সেপ্টেম্বরে তা ৮৩ দশমিক ৮ শতাংশে নেমেছে।’
তিনি বলেন, ‘কমাটা সামান্য হলেও এই নিম্নমুখী প্রবণতা খুবই গুরুত্বপূর্ণ।’
এর মধ্যেই ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞা আরোপে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে কয়েক দশকের পুরোনো নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতির ওপর চাপ আরো বেড়েছে।








