
রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো: নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো অপর দু’জন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত এবং ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।
বুধবার (১৮ নভেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবি।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল হাতে মিছিল বের করে। এ সময় তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মিছিল থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ জব্দ করা হয়। এ ঘটনায় বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








