
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
চব্বিশের জুলাই আন্দোলনে আ: জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় এই আওয়ামী লীগ নেতা ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আগরওয়ালাকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আজ মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগরওয়ালাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন জানান, গত ২১ অক্টোবর এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসাইন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ: জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ আ: জব্বার উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় আগরওয়ালা এজাহারনামীয় ৩১ নম্বর আসামি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








