বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির কারাগারে
বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির কারাগারে। সংগৃহীত

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম। শুনানি শেষে ঢাকার ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে দু’টি স্মার্টফোন জব্দ করা হয়।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। বাসস