কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, কয়েদির মৃত্যু, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কয়েদি
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোরহান উদ্দিন (৭৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

বোরহান উদ্দিন কিশোরগঞ্জের কতোয়ালী থানার কাটিয়াদচরের মরহুম মুনসুর আলীর ছেলে। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ২৯১১/এ।

কারারক্ষী সুজন আহমেদ জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে বোরহান উদ্দিনকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, তা জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।