
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরের আলিয়াগা এলাকায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত ও ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরের আলিয়াগা এলাকায় হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
শোকবাণীতে তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরো বলেন, ‘মহান আল্লাহ তাআলা নিহতদের পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি দান করুন এবং আমরা আশা প্রকাশ করছি তুরস্ক সরকার ও জনগণ এই বিরাট ক্ষয়-ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








