
রফতানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে রফতানিকারকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিশেষ করে ব্যবসায়িক তথ্য ও নথিপত্র আদান-প্রদানে ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৬ নভেম্বর) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) ১৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা ২২ নম্বর সার্কুলারপত্রে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে রফতানিকারকদের সচেতন করতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশনা দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে রফতানি সংক্রান্ত নথিপত্র পাঠানোর ক্ষেত্রে রফতানিকারকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নথিপত্রের তথ্য চুরি, বাধাগ্রস্ত করা বা পরিবর্তনের ঝুঁকি কমাতে নিরাপদ যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে।
এতে আরো বলা হয়েছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তনের অনুরোধ এলে তা কার্যকর করার আগে পূর্বনির্ধারিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সাথে স্বাধীনভাবে যাচাই করতে হবে।
সন্দেহজনক লিংক, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চাওয়া হলে সেসব বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনো ধরনের জালিয়াতির সন্দেহ, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রফতানি সংক্রান্ত নথিপত্রে কারসাজির ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সাইবার জালিয়াতি প্রতিরোধে এসব সতর্কতামূলক ব্যবস্থা যথাযথ যোগাযোগ মাধ্যমে রফতানিকারকদের কাছে পৌঁছে দিতে এডি ব্যাংকগুলোকেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








