
দেশে হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৫৭২ শিশু।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ২০৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৫ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ৩১৪ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ১৫৮ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৪১৪। এই সময়ে এক হাজার ২৯২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৯৯ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৬০ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ ২১ হাজার ৫৩৯ রোগী, যাদের মধ্যে দুই লাখ ১২ হাজার ৪০২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








