
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৫টি শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৪৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৫ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ২৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৬৪ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৫১ জন। এই সময়ে এক হাজার ১৪৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১২৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ২৬ হাজার ৩৫৭ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ এক হাজার ৪৬৮ রোগী, যাদের মধ্যে এক লাখ ৯৩ হাজার ৩০১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








