হাম, মৃত্যু, ‍শিশু
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের কোলে একটি শিশু। ইউএনবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৪১২ শিশু।

Advertisement

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৩৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৫ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ২৪২ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯০ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৩২২। এই সময়ে এক হাজার ১৯২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৮৮ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ১০৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩১৯ রোগী, যাদের মধ্যে এক লাখ ৯২ হাজার ১৭৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি